মকর
“অতো মকরচাল খেয়ে পেট ব্যথা করে কি মরবি? এমনিতে রোগ নেই বললেই তো চলে, আজ পেটে ব্যথা, কাল পায়ে ব্যথা। তার উপর আরো লুকিয়ে লুকিয়ে চালগুলো খা পরে বুঝবি। রাত থেকে তো আবার পিঠের মুখ চলবে।” আমরা লুকিয়ে লুকিয়ে মকরচাল খেতাম। আর মা অমন চেঁচিয়ে চেঁচিয়ে সাবধান বাণী শুনিয়ে যেতো। আমরা আমাদের মতো বিচার করতাম কাদের বাড়ি থেকে দেওয়া চালটা ভালো খেতে। ব্রাহ্মণদের জেঠিমারা, বা আমাদের পুরোহিত পুজো করে পাওনা চাল থেকে আমাদের অনেক মকরচাল দিয়ে যেতো। মকরচাল আসলে দুধে ভেজানো আতপচাল। তাতে আর কি মেশাতো জানি না, তবে পুজো করার পর আমরা পেতাম, তাই অনেক গাঁদাফুলের পাপড়ি থাকতো। আজ মকরসংক্রান্তি। এই দিনেরই একটা ঘটনা প্রতিবছর মনে পড়ে। আমি তখন খুব সম্ভবত ক্লাস ফাইভে পড়তাম। আমাদের গ্রামের জানাদের বাড়িতে প্রতিবছর এই দিনে মনসা পুজো হয়। আমি সে বছর ওদের বাড়িতে পুজো দেখতে গিয়েছিলাম। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখার সময় একটা মেয়ে এসে আমাকে বললো, “আমার মা তোকে একবার ডাকছে আমাদের বাড়ি চল!” আমি প্রথমটায় কেমন ভয় পেয়ে থতমত খেয়েছিলাম, কি জানি কোনো দোষ করিনি তো! ডাকছে কেন? আমার সঙ্গে তো এদের খুব ভাল...